ফতুল্লাকে সিটি করপোরেশনে চান এমপি, পৃথক পৌরসভা চান বিএনপি নেতা

উন্নয়নে পিছিয়ে শিল্পাঞ্চল

88
ফতুল্লাকে সিটি করপোরেশনের আওতায় চান স্থানীয় এমপি আব্দুল্লাহ আল আমিন, অন্যদিকে পৃথক পৌরসভার প্রস্তাব বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর
ফতুল্লাকে সিটি করপোরেশনের আওতায় চান স্থানীয় এমপি আব্দুল্লাহ আল আমিন, অন্যদিকে পৃথক পৌরসভার প্রস্তাব বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর

নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ফতুল্লার প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে আলোচনা ও মেরুকরণ শুরু হয়েছে। একদিকে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন, অন্যদিকে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রস্তাব করেছেন পৃথক পৌরসভা গঠনের।

রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মতে, নাসিকের সঙ্গে যুক্ত হওয়ার চেয়ে ফতুল্লা থানার ইউনিয়নগুলো নিয়ে একটি স্বতন্ত্র পৌরসভা গঠন করা অধিক যৌক্তিক। তিনি ‘শাহ ফতে উল্লাহ পৌরসভা’ নামে একটি নতুন প্রশাসনিক ইউনিট গঠনের প্রস্তাব সামনে এনেছেন এবং এ লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করার প্রস্তুতির কথা জানিয়েছেন।

অন্যদিকে, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জাতীয় সংসদে ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ও ফতুল্লার ইউনিয়নগুলোকে নাসিকের আওতায় আনার প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে রয়েছে।

বিসিক শিল্পনগরীসহ কয়েক হাজার শিল্পকারখানা ও লাখো শ্রমিকের কর্মচাঞ্চল্য থাকলেও ফতুল্লা প্রশাসনিকভাবে এখনো গ্রামীণ কাঠামোর (ইউনিয়ন পরিষদ) মধ্যে সীমাবদ্ধ। বক্তাবলী ছাড়া অন্যান্য ইউনিয়নে কৃষিজমি নেই বললেই চলে, তবুও পূর্ণাঙ্গ নগরায়নের সুবিধা থেকে বঞ্চিত এই এলাকা।

পরিকল্পিত উন্নয়নের অভাবে অবকাঠামোগত সংকট এখানে প্রকট। বিশেষ করে সড়ক ব্যবস্থার চরম দুরবস্থা। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, বর্ষা মৌসুমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা।

শিল্পাঞ্চল হিসেবে গুরুত্ব থাকলেও নাগরিক সুবিধার অভাবে ফতুল্লা বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলে বলে জানান সংশ্লিষ্টরা। এলাকাবাসীর প্রত্যাশা, যে কোনো একটি প্রশাসনিক কাঠামোর আওতায় এনে দ্রুত পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা হোক।

শিল্পাঞ্চল ফতুল্লা কি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হবে, নাকি গঠিত হবে পৃথক ‘শাহফতেউল্লাহ পৌরসভা’? প্রশাসনিক কাঠামো নিয়ে এমপি ও বিএনপি নেতার ভিন্ন ভিন্ন প্রস্তাবে সরগরম স্থানীয় রাজনীতি। আপনার মতে ফতুল্লার উন্নয়নের জন্য কোনটি বেশি প্রয়োজন?