
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাবের একটি যৌথ দল সাড়াশি অভিযান চালিয়ে মাদকসহ ১২ জনকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম এবং র্যাবের একটি টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলো: নুর নবী (২৪), রাকিব (২৩), শামীম (২৬), শাহীন (১৯), জাহাঙ্গীর (৩৯), রিপন (২১), শরীফ (২২), সুমন (৩৫), ইমরান (২৬), ফয়সাল (২৮), খোরশেদ আলম (৪৭) এবং আরিফ (২২)।
অভিযানকালে আটককৃত ৭ জন মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
তারা আরও জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করে যাচ্ছে এবং যেকোনো অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর।







