
এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই দাবি জানান।
লাইভে অ্যাডভোকেট টিপু অভিযোগ করেন, মোহাম্মদ আলী ১/১১ (ওয়ান-ইলেভেন) এর অন্যতম হোতা ছিলেন।
একইসাথে, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ‘মাইনাস টু ফর্মুলার’ মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন।
টিপু বলেন, “মোহাম্মদ আলীকে দ্রুত গ্রেফতার করা না হলে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন।”
তিনি আরও দাবি করেন, মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হলে ১/১১ সংক্রান্ত এবং জিয়া পরিবারকে নিয়ে করা বিভিন্ন ষড়যন্ত্রের পেছনে থাকা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।
অ্যাডভোকেট টিপুর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা/সমালোচনার তৈরি করেছে।
বিশেষ করে, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এফবিসিসিআই সহ-সভাপতির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং তার গ্রেফতারের দাবি জনমনে বেশ কৌতুহল জাগিয়েছে।







