গোলাগুলির ঘটনায় যুবদল সভাপতি-সেক্রেটারী গ্রেফতার

কুয়াকাটায় লাক্সারি হোটেলে লুকিয়েও শেষ রক্ষা হলো না

40
কুয়াকাটা থেকে গ্রেফতারকৃত ফতুল্লার ৩ যুবদল নেতা
কুয়াকাটা থেকে গ্রেফতারকৃত ফতুল্লার ৩ যুবদল নেতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অবশেষে কুয়াকাটা থেকে গ্রেফতার হয়েছেন এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন নেতা।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার ‘হোটেল গ্র্যান্ড সাফা ইন’-এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং তাদের সহযোগী লিয়ন মাহমুদ আকাশ (২২)

গত ৯ এপ্রিল ফতুল্লার বিসিক চাঁদনী হাউজিং এলাকায় ‘বেস্ট স্টাইল কম্পোজিট’ কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে প্রকাশ্যে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে ব্যবসায়ী রাকিব ও এক শিশু গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন গুলিবিদ্ধ রাকিবের পিতা বিএনপি নেতা হোসেন খোকা। মামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, বারবার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ফতুল্লা শিল্পাঞ্চলে এমন সহিংসতায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এই সমস্যার স্থায়ী সমাধান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।