
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুতার ভেতরে লুকিয়ে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুনুর (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৫টার দিকে উপজেলার আষারিয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুনুর কক্সবাজার জেলার টেকনাফ থানার গুদারবিল এলাকার মো. নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ আষারিয়ারচর বিসমিল্লাহ তেলের পাম্পের সামনে চেকপোস্ট বসান। এসময় ওই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার পরিহিত জুতার ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







