১ বছরের মধ্যে ফতুল্লার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ঘোষণা

15
মামুন মাহমুদকে নাগরিক সংবর্ধনা, জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ঘোষণা!
মামুন মাহমুদকে নাগরিক সংবর্ধনা, জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ঘোষণা!

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা দিয়েছে ফতুল্লার গাবতলী ও ইসদাইরবাসী। আজ বৃহস্পতিবার (২১ মে) উত্তর মাসদাইর গাবতলী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে থোক বরাদ্দ দিয়ে ড্রেনেজ ও খাল সংস্কারের মাধ্যমে ফতুল্লাবাসীকে দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে সাময়িক মুক্তি দেওয়ায় স্থানীয় বাসিন্দারা এই কৃতজ্ঞতা ও সংবর্ধনা জ্ঞাপন করেন।

গাবতলী বাইতুল মোকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃহ্ত্তর গাবতলী সোসাইটির সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। বিগত সরকারের উন্নয়ন বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, “আমরা গাবতলী, ইসদাইরের বাসিন্দাসহ ডিএনডির আওতাভুক্ত ফতুল্লাবাসী দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার সীমাহীন দুর্ভোগে জীবনযাপন করছি। বিগত সরকারের আমলে ১৩০০ কোটি টাকার কাজ করা হয়েছে বলা হলেও আমরা ফতুল্লাবাসী সেই কাজের কাঙ্ক্ষিত কোনো সুফল পাইনি।

তিনি বর্তমান প্রশাসকের প্রশংসা করে বলেন, “বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পর অধ্যাপক মামুন মাহমুদকে জেলা পরিষদের প্রশাসক করা হয়। তিনি দায়িত্ব গ্রহণের মাত্র ১ সপ্তাহের মধ্যেই ইসদাইর-গাবতলীসহ পুরো ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে থোক বরাদ্দ দিয়ে খাল ও ড্রেন সংস্কারের কাজ করেন। জনগনের দুর্ভোগ লাঘবে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দরা এই কাজে তদারকি করেন। যার ফলশ্রুতিতে এবার ভারী বৃষ্টিতে পানি জমলেও ঘণ্টা খানেকের মধ্যে সেই পানি নেমে যাচ্ছে। ফলে দীর্ঘদিনের স্থায়ী জলজট থেকে আমরা মুক্তি পাচ্ছি। মূলত এই কারণেই আজ ফতুল্লাবাসীর পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।” তবে এটি সাময়িক সমাধান উল্লেখ করে মামুন মাহমুদসহ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের কাছে ফতুল্লার জলাবদ্ধতার স্থায়ী রূপরেখা বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সম্প্রতি গাবতলী ও ইসদাইর এলাকায় মাদক এবং সন্ত্রাসীদের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতৃবৃন্দের কড়া হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক রফিকুল ইসলাম জীবন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “মানুষ যদি এলাকায় শান্তিতে ঘুমাতে পারে, তবে পানি মাড়িয়ে বাড়িতে গেলেও খুব একটা গায়ে লাগে না। কিন্তু আপনি যখন আপনার পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ এবং নিরাপত্তা নিয়ে ২৪ ঘণ্টা চিন্তিত থাকবেন, তখন কোনো উন্নয়নই আপনার ভালো লাগবে না।” তাই আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে ফতুল্লা মডেল থানার ওসির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ফতুল্লার ওসিকে স্পষ্ট করে বলতে চাই, এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে মাদক ও অপরাধের গ্রাফ কমিয়ে আনতে আপনাকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমি ঠিক এক মাস পর আবার এই গাবতলী-ইসদাইর এলাকায় এসে খোঁজ নেব—অপরাধ কমেছে নাকি আরও বেড়েছে। কোনো অশুভ শক্তিকে ছাড় দেওয়া হবে না।”

জলাবদ্ধতা প্রসঙ্গে মামুন মাহমুদ ফতুল্লাবাসীকে আশ্বস্ত করে বলেন, “আগামী ১ বছরের মধ্যে এই পুরো অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ও আধুনিক মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।”

সভাপতি আব্দুল আউয়ালের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “এই এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল ভাই সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি আজকের এই আয়োজনে সভাপতিত্ব করায় আমি উনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে উত্তর মাসদাইর গাবতলী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের দাবির প্রেক্ষিতে স্কুলে একটি দৃষ্টিনন্দন ‘শহীদ মিনার’ নির্মাণ এবং সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের দাবির প্রেক্ষিতে স্কুলের মাঠে বালু ভরাটসহ সার্বিক মাঠ উন্নয়নের ঘোষণা দেন জেলা পরিষদ প্রশাসক। পাশাপাশি মেধা তালিকায় বৃত্তিপ্রাপ্তদের বিশেষ পুরস্কার এবং ৫ম শ্রেণীর ১০২ জন শিক্ষার্থীর মাঝে নিজস্ব তহবিল থেকে শিক্ষা উপকরণ উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।

ফতুল্লা থানা যুবদল নেতা ফেরদৌস পারভেজ ডেনি ও জেলা তাঁতী দল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানাধীন ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।