চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললেই বিএনপির গায়ে লাগে: আল আমিন

10
চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললেই বিএনপির গায়ে লাগে: আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন দাবি করেছেন, চাঁদাবাজি, ঝুঁট সন্ত্রাস, মাদক ও অপরাধের বিরুদ্ধে কথা বললেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতার প্রতিক্রিয়া দেখা যায়। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই বিভিন্ন মহল সমালোচনা করছে, তবে তিনি এ অবস্থান থেকে সরে আসবেন না।

শনিবার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে এমপি আল আমিন বলেন, নারায়ণগঞ্জে ৫ আগস্ট-পরবর্তী সময়ে বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা কারা ঘটিয়েছে, তা জনগণের জানা রয়েছে। তিনি অভিযোগ করেন, এসব বিষয়ে কথা বললেই বিএনপি ও ছাত্রদলের কিছু নেতার আপত্তি দেখা যায়।

তিনি আরও দাবি করেন, ঝুঁট ব্যবসা নিয়ে সংঘর্ষ, মাদক ব্যবসা, ডাকাতি ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে প্রশ্ন তুললেও একটি পক্ষ তা মেনে নিতে চায় না। একইভাবে আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রসঙ্গ কিংবা অতীতের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করলেও সমালোচনার মুখে পড়তে হয় বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে এমপি আল আমিন বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা থেকে তিনি কখনোই বিরত থাকবেন না। গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ থেকে অন্যায়-অনিয়ম দূর করা। তাই যেই অন্যায় করবে, তার বিরুদ্ধেই তিনি কথা বলবেন বলে জানান।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, অতীতে তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা হয়েছে, তিনি গ্রেপ্তার ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন এবং শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছেন। তবুও রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি বলে দাবি করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, ঝুঁট দখল ও মাদক ব্যবসার অর্থে রাজনীতি করার কোনো প্রয়োজন তার নেই। অন্যায়ের বিরুদ্ধে ভবিষ্যতেও একইভাবে সোচ্চার থাকবেন বলেও জানান তিনি।