
নারায়ণগঞ্জ নগরবাসীকে মশাবাহিত রোগ থেকে সুরক্ষায় ডেঙ্গুমুক্ত সিটি কর্পোরেশন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। অতীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বহু মানুষের প্রাণহানি ও ব্যয়বহুল চিকিৎসা খরচের বিষয়টিকে গুরুত্ব দিয়ে মশক নিধনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সিটি প্রশাসন।
এরই অংশ হিসেবে নগরীর ১২টি ওয়ার্ডে ১৬টি নতুন ফগার মেশিন বিতরণ করা হয়েছে। একই সাথে মশক নিধন অভিযান জোরদার করতে প্রতি ৩টি ওয়ার্ডের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদারকি ও স্পেশাল টিম।
কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা বলেন, “অতীতে ডেঙ্গুর প্রকোপে বহু পরিবার নিঃস্ব হয়েছে এবং অনেকেই স্বজন হারিয়েছেন। ডেঙ্গুর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তাই নগরবাসীকে এ ভোগান্তি থেকে রক্ষা করতে এবং একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা আলী। উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টরা জানান, শুধু ফগার মেশিন বিতরণেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। গঠিত বিশেষ টিমগুলো নির্ধারিত ওয়ার্ডগুলোতে টানা লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগের কাজ তদারকি করবে। ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে মশক নিধনের পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আঙিনা পরিষ্কার রাখার জন্য সচেতন থাকার আহ্বান জানানো হয়।







