
দেশের অন্যতম স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান ‘চেইঞ্জেস স্কুল’ আবারও জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে নারায়ণগঞ্জের শিক্ষাঙ্গনে গৌরবের ইতিহাস রচনা করেছে। দ্য ডেইলি স্টার ও প্রাইম ব্যাংক আয়োজিত ২৫তম ডেইলি স্টার ‘ও’ এন্ড ‘এ’ লেভেল হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২৫-এ প্রতিষ্ঠানটির ১৬ জন শিক্ষার্থী সম্মানজনক পুরস্কার অর্জন করেছে। তবে এবারের আয়োজনে চেইঞ্জেস স্কুলের সবচেয়ে উজ্জ্বল ও স্মরণীয় সাফল্যের নাম সাফিয়া চৌধুরী নওশীন।
পেয়ারসন এডেক্সেল ‘ও’ লেভেল পরীক্ষায় সাফিয়া ১১টি বিষয়ে অংশগ্রহণ করে সবকটিতেই সর্বোচ্চ গ্রেড A* (এ স্টার) অর্জন করেছেন। এই বিরল ও অসাধারণ ফলাফলের মাধ্যমে তিনি দেশসেরা ৪২ জন ‘ও’ লেভেল শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। তাঁর এই অর্জন পুরো নারায়ণগঞ্জকে এনে দিয়েছে অনন্য সম্মান।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিইসি) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ বছর দেশের ১২১টি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২,৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের মধ্যে ১,৯২৮ জন ‘ও’ লেভেল এবং ৬১৭ জন ‘এ’ লেভেল শিক্ষার্থী ছিলেন। সারা দেশের হাজারো মেধাবীর মধ্য থেকে দেশসেরা ৪২ জন ‘ও’ লেভেল শিক্ষার্থীর মধ্যে একজন হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন চেইঞ্জেস স্কুলের শিক্ষার্থী সাফিয়া চৌধুরী নওশিন।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ মার্ক টাওয়ার ভবনের বাসিন্দা মো. হারুন অর রশিদ চৌধুরী স্বপন ও সুরমা চৌধুরী দম্পত্তির কন্যা সাফিয়া চৌধুরী নওশিন। তার এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি চেইঞ্জেস স্কুলের দীর্ঘদিনের শিক্ষাগত উৎকর্ষ, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতারও উজ্জ্বল প্রতিফলন।
সংবর্ধনা অনুষ্ঠানে সারাদেশের মধ্যে সেরা স্থান অর্জনকারী তিন শিক্ষার্থী বক্তব্য রাখার সুযোগ পান। তারা হলেন—
-
১ম স্থান: সাহিল সাদমান (ডন বসকো স্কুল অ্যান্ড কলেজ)
-
২য় স্থান: সাফিয়া চৌধুরী নওশীন (চেইঞ্জেস স্কুল, নারায়ণগঞ্জ)
-
৩য় স্থান: প্রিয়তা ঘোষ (এবিসি ইন্টারন্যাশনাল স্কুল)
মঞ্চে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাফিয়া চৌধুরী বলেন:
“সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার পরিবার, শিক্ষক এবং স্কুলের। তাঁদের অব্যাহত সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে এই অর্জনের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। আসুন, আমরা আমাদের মেধা, জ্ঞান ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশ এবং বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনি। আমরাই পরিবর্তনের পথিকৃৎ।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার, মেডেল ও সনদ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।







