
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরে ইতিহাসের সর্বোচ্চ ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার রেকর্ড বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে কোনো অতিরিক্ত কর আরোপ না করেই নাগরিকদের জনদুর্ভোগ লাঘব, বর্জ্য ব্যবস্থার আধুনিকায়ন এবং জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় নগরভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নাসিকের ১৫তম এই বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এর আগে গত অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা।
ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা। অন্যদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। আয়-ব্যয়ের হিসাব শেষে বছর শেষে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বাজেটে নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানানো হয়। এর মধ্যে রয়েছে—জালকুড়িতে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড চালু, কদমরসুলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো নির্মাণ, ২৭টি ওয়ার্ডে ৫৪টি পানির পাম্প স্থাপন, হকার পুনর্বাসন, ধর্মীয় স্থাপনার উন্নয়ন এবং পাঁচ হেক্টর জায়গাজুড়ে পার্ক, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণ। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি রক্ষার্থে ৩০টি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নগরবাসীর ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনার ওপর জোর দেওয়া হয়েছে। আর্থিক সক্ষমতা এবং নগরবাসীর প্রত্যাশাকে প্রাধান্য দিয়েই এই বাজেট তৈরি করা হয়েছে। একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সময়মতো হোল্ডিং ট্যাক্স ও পানির বিল পরিশোধ করে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট নির্মাণ, সুপেয় পানি সরবরাহ বৃদ্ধি, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল উদ্ধার এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটের প্রধান অর্থায়ন আসবে নাসিকের নিজস্ব রাজস্ব আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প থেকে।
নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরাহ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেনসহ নাসিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







