
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব স্নুকার চ্যাম্পিয়নশীপ-২০২৬। শনিবার ১১ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড-এর স্নুকার বিভাগের মনোরম ও সুশোভিত পরিবেশে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতেই স্নুকার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক উজ্জ্বল হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং টুর্নামেন্টের সার্বিক দিক তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির।
এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদ সদস্য আলতাফ হোসেন ও এডভোকেট ইন্দ্রজিৎ সাহা (দীপক)।
স্নুকার বিষয়ক উপ-কমিটির সদস্যবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং বিপুল সংখ্যক সম্মানিত ক্লাব সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় পুরো উদ্বোধনী আয়োজনটি দারুণ জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।







