
নারায়ণগঞ্জকে নিয়ে শুধু সমস্যার কথা না বলে এর অর্জন ও সম্ভাবনাগুলোও সামনে আনার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি গঠনে এ জেলার অবদান অনস্বীকার্য। মাদক, যানজট, ড্রেনেজ ও কিশোর গ্যাংয়ের মতো সমস্যাগুলো মোকাবিলায় স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ উদ্যোগ, সচেতনতা ও সামাজিক সম্পৃক্ততা জরুরি।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। আগামী ২৫ থেকে ৫০ বছর পরের নারায়ণগঞ্জ কেমন হবে—সেই লক্ষ্য নির্ধারণ করেই নাগরিক সমাজ, ব্যবসায়ী ও সাংবাদিকদের মতামত নিয়ে এই পরিকল্পনা করা হবে।
নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন ও বিকেএমইএʼর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।







