
গত দুই দিনের মধ্যে নারায়ণগঞ্জের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে ক্লোজ করা হয়েছে, যা জেলার পুলিশ প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আকস্মিক এই পদক্ষেপে সিদ্ধিরগঞ্জ, সদর মডেল এবং রূপগঞ্জ থানার ওসির দায়িত্ব থেকে তাদের সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক এবং সদর মডেল থানার ওসি আব্দুল হালিমকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর একদিন আগে, শনিবার (৪ এপ্রিল) রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেনকেও ক্লোজ করা হয়েছিল। তার স্থলে সালাউদ্দিন নামে একজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার জারি করা আদেশের মাধ্যমে রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার দুই ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
তবে, কেন এই তিন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট আদেশে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এই ঘটনা ঘিরে স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।







