
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী। উপজেলার হিরাঝিল ৭নং রোডের শেষ মাথায় (ওয়ালটন শোরুম সংলগ্ন) ৬৮ নম্বর হোল্ডিংয়ের খায়ের মাহমুদের বাড়িতে এই অবৈধ সংযোগ রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, বাড়ির মালিক খায়ের মাহমুদ প্রভাব খাটিয়ে তিতাসের মূল লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়েছেন। এই সংযোগের মাধ্যমে তিনি শুধু নিজের বাসাবাড়িই নয়, বরং বাণিজ্যিক প্রতিষ্ঠানকেও গ্যাস সরবরাহ করছেন। এতে করে এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ার পাশাপাশি সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে।
বাড়ির মালিক খায়ের মাহমুদ অবৈধ সংযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে গেলেও আবাসিক লাইনের বাণিজ্যিক ব্যবহারের কথা স্বীকার করেন। তিনি বলেন, “আমার বাড়িতে আবাসিক গ্যাস লাইন আছে। তবে আমি সেখানে একটি হোটেল ভাড়া দিয়ে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করছি, এটা আমার ভুল হয়েছে।” তবে অবৈধ লাইনের বিষয়ে এলাকাবাসীর করা অভিযোগের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
এ বিষয়ে তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিস-নারায়ণগঞ্জ (আঞ্চলিক বিক্রয় বিভাগ)-এর ব্যবস্থাপক প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ নারায়ণগঞ্জ সমাচারকে জানান, “অবৈধ গ্যাস সংযোগ বা আবাসিক সংযোগের বাণিজ্যিক ব্যবহার—কোনোটিই ছাড় দেওয়ার সুযোগ নেই। হিরাঝিলের ওই বাড়ির বিষয়ে আমরা তথ্য পেয়েছি। দ্রুত সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে তদন্ত করা হবে এবং সত্যতা পাওয়া গেলে সংযোগ বিচ্ছিন্নসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে তিতাস কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় হিরাঝিলের এই অভিযোগটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।







