সোনারগাঁয়ে চালকের কামড়ে যাত্রী আহত: ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়

9
যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ চালকের বিরুদ্ধে
যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ চালকের বিরুদ্ধে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের এক বাসের চালকের বিরুদ্ধে চলন্ত বাসে এক যাত্রীকে কামড়ে জখম করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ভুক্তভোগীর ছবিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র আলোচনার সৃষ্টি হয়।

সাংবাদিক ফারুক হোসেন তাঁর ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে অভিযোগ করেন, ঢাকা মেট্রো-ব-১৫-১০৭১ নম্বরের স্বদেশ পরিবহনের একটি বাসে ওই অপ্রীতিকর ঘটনা ঘটে। অভিযুক্ত বাসচালকের নাম অনিক বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে সাংবাদিক ফারুক হোসেন দাবি করেন, ঘটনার সময় বাসচালক অনিক নেশাগ্রস্ত/মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তুচ্ছ বিষয় নিয়ে বাসে থাকা এক যাত্রীর সঙ্গে তাঁর কথাকাটাকাটির একপর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে ওই যাত্রীকে কামড়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে রক্তাক্ত ও আহত যাত্রীর ছবি ফেসবুকে পোস্ট করা হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

ফারুক হোসেন তাঁর ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেছেন যে, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে ঘটনার সময় উপস্থিত যাত্রী বা সাংবাদিকের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ড্রাইভার কিংবা স্বদেশ পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি। পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা সংবাদের সাথে যুক্ত করা হবে।