‘চাঁদাবাজি বাহিনী’ তৈরি করেছে টিপু দাবি আল-আমিন প্রধানের

82
আবু আল ইউসুফ খান টিপু ও আল আমিন প্রধান
আবু আল ইউসুফ খান টিপু ও আল আমিন প্রধান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন প্রধান। তার দাবি, টিপু একটি ‘চাঁদাবাজি বাহিনী’ তৈরি করেছেন, যা নিছক ব্যবসায়ীদের হয়রানি নয় বরং দলের ভাবমূর্তি নষ্ট করছে।

শনিবার (১১ এপ্রিল) রাত ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া দীর্ঘ এক স্ট্যাটাসে আল-আমিন প্রধান বলেন, মহানগর বিএনপির সদস্য সচিব টিপু অযোগ্য ও চাঁদাবাজ। সে একটি চাঁদাবাজি বাহিনী তৈরি করেছে। টিপুর এই চাঁদাবাজ বাহিনীর অত্যাচারে ব্যবসায়ী সমাজ অতিষ্ঠ। সম্প্রতি নিতাইগঞ্জের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং তা দিতে অস্বীকার করায় তাকে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি থানা পুলিশকে ব্যবহার করে সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টির গুরুতর অভিযোগও তুলেছেন এই ওয়ার্ড সভাপতি।

স্ট্যাটাসে আরও দাবি করা হয়, আওয়ামীলীগের সাবেক এমপি শামীম ওসমানের পরামর্শে দল পরিচালনা করছেন টিপু, যা তৃণমূলের নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না। আল-আমিন প্রধান অবিলম্বে টিপুর পদত্যাগ দাবি করে বলেন, “টিপুকে বাদ না দিলে নারায়ণগঞ্জ বিএনপি বিকশিত হতে পারবে না।”

মহানগর বিএনপির অভ্যন্তরীণ এই কোন্দল এবং শীর্ষ নেতার বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির এমন অভিযোগ এখন নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে।