
স্কুলের মাঠে কুংফু অনুশীলনের মধ্য দিয়ে যাত্রা শুরু। ছোটবেলার সেই আগ্রহই ধীরে ধীরে তাকে টেনে নিয়েছে বিশ্বের জনপ্রিয় কম্বাট স্পোর্টস মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) অঙ্গনে। নারায়ণগঞ্জ সদর থানার তরুণ ফাইটার নাফিজ আহমেদ এখন স্বপ্ন দেখছেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।
শৈশব থেকেই মার্শাল আর্টের প্রতি নাফিজের ছিল আলাদা আকর্ষণ। প্রথমে কুংফু শেখার মাধ্যমে আত্মরক্ষার কৌশল আয়ত্ত করলেও পরে তার আগ্রহ জন্মায় মুয়ে থাইয়ের প্রতি। পঞ্চম শ্রেণি থেকেই নিয়মিত অনুশীলন করতে করতে একসময় পেশাদার এমএমএ ফাইটার হওয়ার লক্ষ্য স্থির করেন তিনি।
নাফিজ জানান, পরিবারের কাছ থেকে শুরু থেকেই তিনি দারুণ সমর্থন পেয়েছেন। সেই অনুপ্রেরণায় আরও গুরুত্বের সাথে এমএমএ অনুশীলন শুরু করেন। বর্তমানে তিনি পুরান ঢাকার কামরাঙ্গীরচরের পরিচিত প্রশিক্ষণ কেন্দ্র ‘হাবিবস এমএমএ ফাইট ক্লাব’-এ নিয়মিত ট্রেনিং করছেন।
বাংলাদেশের উদীয়মান এমএমএ প্রমোশন ‘KHAR’-এ অংশ নিয়ে ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ। গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত ‘KHAR-8’ প্রমোশনের হেভিওয়েট ডিভিশনে অংশ নিয়ে তিনি জয় তুলে নেন। এর আগে ‘KHAR-3’ প্রতিযোগিতাতেও বিজয়ী হয়েছিলেন নাফিজ।
নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “বর্তমানে KHAR প্রমোশন বাংলাদেশে এমএমএকে এগিয়ে নিতে কাজ করছে। এখান থেকে অনেক দক্ষ ফাইটার তৈরি হচ্ছে। আমিও তাদের মধ্যে একজন হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই।”
বর্তমানে হেভিওয়েট ডিভিশনে লড়লেও ভবিষ্যতে মিডলওয়েটে খেলার পরিকল্পনা রয়েছে তার। এজন্য ফিটনেস, ওজন নিয়ন্ত্রণ ও টেকনিক্যাল স্কিল উন্নয়নে বাড়তি প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
ভবিষ্যৎ স্বপ্নের বিষয়ে নাফিজ বলেন, “আমার লক্ষ্য একদিন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (UFC) এবং ওয়ান চ্যাম্পিয়নশিপ (ONE Championship)-এর মতো বড় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। এজন্য কঠোর পরিশ্রম প্রয়োজন এবং আমি সেই প্রস্তুতিই নিচ্ছি।”
তরুণ এই ফাইটার বিশ্বাস করেন, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। নাফিজের ভাষায়, “আমি মনে করি অসম্ভব বলতে দুনিয়াতে কিছুই নেই। মানুষ চেষ্টা করলেই সব পারে। সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে লক্ষ্য স্থির করলে সাফল্য আসবেই।”
বাংলাদেশে এমএমএ এখনো বিকাশমান পর্যায়ে থাকলেও নাফিজের মতো তরুণদের আগ্রহ এবং স্থানীয় প্রমোশনগুলোর ধারাবাহিক কার্যক্রম এই অঙ্গনের সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলছে। সেই সম্ভাবনার পথ ধরেই বিশ্বজয়ের স্বপ্ন বুনছেন নারায়ণগঞ্জের নাফিজ আহমেদ।







