
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন গাবতলী ও ইসদাইর এলাকার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামগ্রিক সামাজিক উন্নয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আউয়ালের অবদান অনন্য বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ। এলাকায় সমাজসেবা ও শিক্ষানুরাগী হিসেবে আব্দুল আউয়ালের মতো ব্যক্তিদের এগিয়ে আসা ফতুল্লাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) উত্তর মাসদাইর গাবতলী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে গাবতলী ও ইসদাইরবাসীর উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশংসা করেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গাবতলী বাইতুল মোকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ সভাপতির ভূয়সী প্রশংসা করে বলেন, “একটি এলাকাকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন সবচেয়ে জরুরি। গাবতলী এলাকার বাইতুল মোকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত এবং সামাজিক উন্নয়নমূলক কাজে আব্দুল আউয়াল ভাই দীর্ঘদিন ধরে যে গুরুত্বপূর্ণ ও অর্থপূর্ণ অবদান রেখে চলছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “আব্দুল আউয়াল ভাইয়ের মতো সজ্জন ব্যক্তিত্ব আজ এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করায় অনুষ্ঠানের মর্যাদা বহুগুণ বেড়ে গেছে। আমরা আশা করি, আগামী দিনেও ফতুল্লার যেকোনো মানবিক ও সামাজিক সংকটে এবং গাবতলী-ইসদাইর এলাকার তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে শিক্ষার আলো ছড়াতে তিনি এভাবে ওনার সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন।”
সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল আউয়ালের এই বিশেষ সভাপতিত্ব এবং জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে তাঁর কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রশংসা আসায় গাবতলী ও ইসদাইরের সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আনন্দ ও সন্তোষ দেখা গেছে।







