
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি আবাসিক ফ্ল্যাটে সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দরের মদনপুর চানপুর এলাকায় আক্তার হোসেনের মালিকানাধীন একটি বাড়ির ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই ফ্ল্যাটের বাসিন্দা রান্না করার জন্য দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে চুলায় আগুন দেওয়ার সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা পাঁচজনই দগ্ধ হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘর থেকে মারাত্মক দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয়দের ধারণা, সিলিন্ডারের পাইপ লিকেজ থাকায় রাতভর পুরো ফ্ল্যাটে গ্যাস জমা হয়েছিল, যা সকালে আগুন জ্বালানোর সাথে সাথে বিস্ফোরিত হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। তিনি জানান, পাঁচজনের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ, মান্নানের ৩০ শতাংশ এবং হযরত আলীর ৮ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।







