
নারায়ণগঞ্জ ফতুল্লা অঞ্চলের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও প্রাপ্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পুরো ফতুল্লা থানাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অন্তর্ভুক্ত করার জোর দাবি উঠেছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের কাছে এই দাবি তুলে ধরেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় এই সভায় নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন ও সীমানা নির্ধারণের বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে।
সভায় বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রস্তাবটি উত্থাপন করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। তিনি সরকারের সাম্প্রতিক একটি সিদ্ধান্তের বরাত দিয়ে বলেন, “সম্প্রতি সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা এসেছে যে, ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পুরোটা এবং ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের আংশিক অংশ নাকি সিটি কর্পোরেশনে যুক্ত করা হচ্ছে। কিন্তু এই খণ্ডিত সিদ্ধান্তকে ফতুল্লাবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না।”
তিনি আরও বলেন, “ফতুল্লাবাসী চায়—শুধু কুতুবপুর নয়, ফতুল্লা থানার এই চার ইউনিয়নের পুরোটাই যেন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। কারণ স্বাধীনতার পর থেকে দেশের অন্যতম প্রধান বৃহৎ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত হলেও নাগরিক ও আধুনিক সুযোগ-সুবিধায় এই ফতুল্লা অঞ্চলটি মারাত্মকভাবে পিছিয়ে রয়েছে। তাই সরকারের উচিত অবশ্যই পুরো ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা। এর ফলে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ সামগ্রিক নাগরিক সুবিধা নিশ্চিত হবে এবং ফতুল্লাবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতাসহ নানাবিধ সমস্যা থেকে মুক্তি পাবে।”
রফিকুল ইসলাম জীবনের এই যৌক্তিক ও সময়োপযোগী বক্তব্যকে তাৎক্ষণিকভাবে সমর্থন জানিয়ে একমত পোষণ করেন মতবিনিময় সভায় উপস্থিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকেরা। তাঁরাও সুর মিলিয়ে বলেন, শিল্পাঞ্চল ফতুল্লার টেকসই উন্নয়নের জন্য এটিকে আংশিক না রেখে সম্পূর্ণভাবে নাসিকের অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।
সাংবাদিকদের এমন ঐক্যবদ্ধ ও জোরালো দাবির পরিপ্রেক্ষিতে এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ইতিবাচক সাড়া দেন। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, “আপনারা আপনাদের এই গুরুত্বপূর্ণ ও যৌক্তিক মতামতটি জোরালোভাবে তুলে ধরুন। এই বিষয়ে লিখিত আবেদন করুন, আমি আপনাদের এই দাবির পাশে আছি।”
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আরিফ আলম দিপু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন এবং কার্যকরী পরিষদ সদস্য আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রণব কৃষ্ণ রায়। এছাড়াও প্রেসক্লাব সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাহিদ আজাদ, রফিকুল ইসলাম রফিক, শওকত হাসান সৈকত, মোস্তাক আহমেদ শাওন, সাইফুল ইসলাম সায়েম, এমরান আলী সজীব, সাবিত আল হাসান প্রমুখ।







