জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন

9
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নারায়ণগঞ্জে গ্রাফিতি উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরতে নারায়ণগঞ্জে একটি গ্রাফিতির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এ গ্রাফিতি নির্মাণ করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন দেয়ালে গ্রাফিতিটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা মো. আবদুল জব্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মাওলানা মো. আবদুল জব্বার বলেন, “৫ আগস্ট বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। সেই প্রেক্ষাপটে জুলাইকে স্মরণ ও ধারণ করার লক্ষ্যেই এই গ্রাফিতি নির্মাণ করা হয়েছে। এখানে ‘গণরায় বন্দি কেন’—এই প্রশ্ন তুলে ধরা হয়েছে।”

তিনি বলেন, “আমরা সরকারের কাছে বলতে চাই, গণভোটের মাধ্যমে গণরায়ের প্রতিফলন না হলে সারা দেশে এই গণরায়ের গ্রাফিতিকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তোলা হবে। আমরা আশা করি, এই গ্রাফিতি ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের উত্থান রোধে মানুষকে সচেতন করবে।”

মহানগর জামায়াতের আমির আরও বলেন, “এই গ্রাফিতি নারায়ণগঞ্জের মানুষকে ভবিষ্যতে দেশের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে উদ্বুদ্ধ করবে।”

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, শহীদদের আত্মত্যাগের স্মৃতি তুলে ধরা এবং গণআকাঙ্ক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং মহানগর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।