
জুলাই বিপ্লবের অন্যতম বীর শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত ও তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখা।
জুলাই মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার, মুখ্য সংগঠক আমিন আল রাজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তানভীর আহমেদ বিপ্লব, সিয়াম মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক আবিদ।
মোনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাসান শিকদার বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদীকে যেন মহান আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন—এ জন্য তারা দোয়া করেছেন। একই সঙ্গে শহীদের রেখে যাওয়া ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রাম, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে সামনে রেখে ন্যায়, সাম্য ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি কাজ করে যাবে।







