বন্দরে ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

33
বন্দরে ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
বন্দরে ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে মারধরের পর ১৮ লাখ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী কবরস্থান সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। অভিযোগকারী আলতাফ হোসেন রবিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা যায়, আলতাফ হোসেন মদনপুরের ডাচ-বাংলা ব্যাংকের শাখা থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। এর সঙ্গে আগে থেকে থাকা আরও দেড় লাখ টাকা মিলিয়ে মোট ১৮ লাখ টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসার উদ্দেশে রওনা হন তিনি।

পরে ঢাকেশ্বরী কবরস্থান এলাকায় অটোরিকশা থেকে নেমে হেঁটে যাওয়ার সময় একটি হাইয়েস গাড়ি তার পথ আটকে দেয়। অভিযোগে বলা হয়েছে, গাড়ি থেকে ৭-৮ জন ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় তারা পিস্তল দেখিয়ে আলতাফ হোসেনকে হাতকড়া পরান এবং চোখ বেঁধে গাড়িতে তুলে নেন।

এরপর গাড়ির ভেতরে তাকে মারধর করে সঙ্গে থাকা ১৮ লাখ টাকা ও একটি স্মার্টফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে তাকে লাঙ্গলবন্ধ ব্রিজের নিচে ফেলে রেখে অভিযুক্তরা চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় এক পথচারী আলতাফ হোসেনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন এবং তার পরিবারের সদস্যদের খবর দেন।

এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদ আলম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।