
জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জে ‘জুলাই পদযাত্রা ও মোনাজাত’ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা।
শুক্রবার (৩১ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের শহর শাখার সভাপতি মুহাম্মাদ সাইম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাঈম হাসান।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ সোহরাব হোসেন ফজলে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অমূল্য আমানত। তাদের স্মৃতি সংরক্ষণ, যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তরুণ সমাজকে জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা দ্বীন ইসলাম।
তিনি বলেন, জুলাই শুধু একটি মাসের নাম নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিরোধের প্রতীক। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন এবং ইতিহাস সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ আবুল হাশিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর উত্তর শাখার সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সাইম হোসাইন বলেন, জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ন্যায়বিচার ও অধিকার আদায়ের প্রেরণার উৎস। তাই জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ, শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা এবং জুলাই সনদ বাস্তবায়ন জাতির নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ সানভীর, সাংগঠনিক সম্পাদক এম মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জের সভাপতি মুহাম্মাদ আবরারুল করিম, বন্দর থানা পশ্চিমের সভাপতি মুহাম্মাদ জিহাদ হাসান, শহর শাখার সহ-সভাপতি শেখ মুহাঃ রুহুল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।







