
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ছয় সদস্যসহ বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ জুলাই রাতে থেকে ৩১ জুলাই সকাল পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে একাধিক স্থানে তল্লাশি চালানো হয়।
অভিযানের প্রথম ধাপে ৩০ জুলাই রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সংগঠক মো. উজ্জল হোসেন (৩২), নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন (৪০), আওয়ামী লীগ কর্মী মো. টিপন (৪৬), আব্দুর রব (৫৬) এবং আওয়ামী লীগ কর্মী মনির হোসেন (৫৫)।
পরবর্তী সময়ে পৃথক অভিযানে ৩১ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় মদনপুর এলাকা থেকে আল আমিন ওরফে সাগর (৩২), একই দিন ভোরে নয়ামাটি এলাকা থেকে ওয়াদুত মোল্লা (৫২) এবং সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা মোড় এলাকা থেকে মেহেদী হাসান ইমুন (৩০), সাকিব (১৯), আনোয়ার হোসেন (৫৫), ফয়সাল (২৫) ও ফারুককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আইনগত অভিযোগ রয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







