
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঠের ঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১ আগস্ট) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। কর্মসূচিতে এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল-সোহান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সবুজায়ন বৃদ্ধি একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।







