রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

19
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড, একজনকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে তাদের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. শাহীন (১৮)কে ৪ মাস, মো. মোগল মিয়া (৪৫)কে ৩ মাস, মো. ছিয়াম (২৫)কে ৬ মাস এবং মো. সজিব (২৬)কে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মো. সৌরভ ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।