
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে আসেন এবং তারেক রহমান যদি দিল্লির সাথে সমঝোতা করে তাকে দেশে আসার ব্যবস্থা করেন, তবে আমরা প্রস্তুত আছি। চৌদ্দশত শহীদ পরিবার ও ৩০ হাজার আহত যোদ্ধা রাজপথে নেমে আসবে এবং ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তির কথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, চব্বিশের ৩ আগস্ট শহীদ মিনার থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার পতনে এক দফার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা আংশিক অর্জিত হলেও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আন্দোলনকারীদের একটা অংশ পরবর্তীতে এই পরিবর্তনের বিরোধিতা করেছে।
বর্তমান সরকারের সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, পাঁচ মাস ক্ষমতায় থাকলেও বিএনপি সরকার শহীদ পরিবার বা আহতদের কল্যাণে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। দেশে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, “আমরা দেশকে আর কোনো স্বৈরতন্ত্র, দুর্নীতি বা চাঁদাবাজির স্বর্গরাজ্য হতে দেব না।”
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু, মূখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এবং বিভিন্ন শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।







