
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১০ পাতা হেরোইনসহ মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আশীষ কুমার দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (৫ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি সাততলা ভবনের পাশ থেকে মো. সাখাওয়াত হোসেন ওরফে মোহনকে ১০ পাতা হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তিনি ভূইঘর সরদার বাড়ি এলাকার বাসিন্দা এবং বদিউল আলমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







