জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান

7
জুলাই গণঅভ্যুত্থান দিবসের সভায় এমপি আব্দুল্লাহ আল আমিন ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

মঙ্গলবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের ত্যাগের কারণেই দেশ নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তাই শহীদ পরিবার ও আহতরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নন, তারা সমগ্র বাংলাদেশের জাতীয় সম্পদ।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে কোনো নাগরিক অন্যায়, নিপীড়ন, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবেন না। রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং নাগরিকের অধিকার নিশ্চিত করাই জুলাইয়ের চেতনার মূল প্রতিশ্রুতি।

তিনি আরও বলেন, শহীদ পরিবার ও আহতদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক অর্জনের চেয়েও বড় দায়িত্ব হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক মর্যাদা, ন্যায়বিচার ও সমঅধিকার নিয়ে বসবাস করতে পারবেন।

বক্তব্যের শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।