
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় ইয়াছিন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূল এবং মাদক চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অভিযুক্তের বসতবাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মো. ইয়াছিন (২৬), পিতা- কামাল মিয়া, মাতা- আমেনা বেগম, সাং- দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুরকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় বহন, সরবরাহ এবং বিক্রি করে আসছিলেন বলে দাবি করেছে র্যাব।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







