জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: এলডিপির কামাল প্রধান

10
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন এলডিপির কামাল প্রধান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা এলডিপির আহ্বায়ক কামাল প্রধান।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা এলডিপির সদস্য সচিব মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলডিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, এলডিপির কেন্দ্রীয় সদস্য ডা. মনির চৌধুরী এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. মাসুম মোল্লা।

 

প্রধান অতিথির বক্তব্যে কামাল প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও ছাত্র-জনতার যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তার বাস্তব প্রতিফলন এখনো পুরোপুরি দেখা যায়নি। তিনি বলেন, আন্দোলনের মূল চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

 

তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু দায়িত্বশীল নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এসব অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

 

কামাল প্রধান আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোর গুরুত্ব বাড়লেও অন্য সময় তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি চক্র ভুয়া ফেসবুক আইডি ও ই-মেইল ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে।

 

নিজের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অতীতে রাজনৈতিক কারণে তিনি একাধিক মামলার আসামি হয়েছেন। এর মধ্যে কয়েকটি মামলায় নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং বাকি দুটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।

 

বক্তব্যের শেষাংশে কামাল প্রধান বিএনপি ও এর শরিক দলগুলোর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

 

আলোচনা সভায় জেলা ও মহানগর এলডিপির নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।