পাষণ্ড ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

6
ফতুল্লায় নির্যাতনের শিকার বৃদ্ধা মা ডলি ঘোষ
ফতুল্লায় নির্যাতনের শিকার বৃদ্ধা মা ডলি ঘোষ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলা ধোপাপট্টি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৬০ বছর বয়সী ডলি ঘোষ নামের এক বৃদ্ধা মাকে তার নিজ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তারই ছেলে সনি (৩৫) ও পুত্রবধূ পূজা ঘোষ (৩০)-এর বিরুদ্ধে। অভিযোগ, সম্পত্তির লোভে তারা বৃদ্ধা মায়ের প্রতি এমন অমানবিক আচরণ করেছেন, এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

ভুক্তভোগী ডলি ঘোষ ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মৃত নরেন ঘোষের স্ত্রী ডলি ঘোষ দীর্ঘদিন ধরে স্বামীর নিজ নামীয় বাড়িতে ছেলে সনি ও পুত্রবধূ পূজা ঘোষের সঙ্গে বসবাস করে আসছিলেন। কিন্তু পারিবারিক বিরোধের জেরে পুত্রবধূ পূজার প্ররোচনায় ছেলে সনি নিয়মিত তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন এবং বাড়ি থেকে চলে যেতে চাপ দিতেন।

ডলি ঘোষ আরও জানান, ছেলে হওয়া সত্ত্বেও সনি তার ভরণ-পোষণের দায়িত্ব পালন করেন না। তিনি তার মেয়ে টুম্পা ঘোষের আর্থিক সহায়তায় জীবিকা নির্বাহ করে আসছেন। ডলি ঘোষ অভিযোগ করেন, তার মেয়ে বাড়িতে এলে তাকেও মারধর করা হয়।

বৃদ্ধা মা ডলি ঘোষের আশঙ্কা, তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের উদ্দেশ্যেই ছেলে ও পুত্রবধূ তার ক্ষতি করার পরিকল্পনা করছেন।

সর্বশেষ গত ৩১ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত সনি ও পূজা ঘোষ মিলে ডলি ঘোষকে মারধর ও গালিগালাজ করে। এ সময় তারা তাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এস আই আজিজ শেখ বলেন, অভিযোগটি এখনো হাতে পাই নি। হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।