
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ৪জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, গতকাল শনিবার (০২ মে) বিকেলে গাবতলী এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে গাবতলী এলাকাবাসী মাদক নির্মূলে নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, ফতুল্লা মডেল পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, গাবতলী এলাকা থেকে ৫০০ গ্রাম (৬০ পোটলা) গাঁজাসহ ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— শিবু মার্কেট দর্গাবাড়ী এলাকার মোঃ শাহ আলমের ছেলে মোঃ ইমরান হোসেন (৩৪) এবং গাবতলী শাহী মসজিদ এলাকার মোঃ শাকিল (৩২)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আজ রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনবহুল গাবতলী এলাকায় পুলিশের এই তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।







