হামের টিকাদান কর্মসূচির তালিকা নেই নারায়ণগঞ্জ

দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

5
হামের টিকাদান কর্মসূচি নারায়ণগঞ্জ ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ উদ্যোগ
সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলেও প্রথম পর্যায়ের ৩০টি উপজেলার তালিকায় নেই নারায়ণগঞ্জের নাম।

সারাদেশের হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সরকারের বিশেষ টিকাদান কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে গৃহীত এই ‘ক্র্যাশ প্রোগ্রাম’-এর আওতায় নির্দিষ্ট বয়সী শিশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

তবে প্রথম পর্যায়ের এই কর্মসূচির তালিকায় এখনই নাম নেই নারায়ণগঞ্জ জেলার।

নারায়ণগঞ্জে এই কর্মসূচি কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে জানতে চাইলে জেলার সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান জানান, আপাতত সারাদেশের ৩০টি সুনির্দিষ্ট উপজেলায় এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

তিনি বলেন, “আগামীকাল থেকে নির্ধারিত ৩০টি উপজেলায় হামের টিকা দেওয়া শুরু হলেও সেই তালিকায় আপাতত নারায়ণগঞ্জ জেলার নাম নেই। তবে আমরা কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছি। স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন পাওয়া মাত্রই আমরা নারায়ণগঞ্জে এই কর্মসূচি শুরু করব। পরবর্তীতে যখনই আমাদের জেলায় টিকাদান শুরু হবে, তা যথাসময়ে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে।”

সাম্প্রতিক সময়ে দেশের কিছু এলাকায় হামের সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সরকার এই জরুরি উদ্যোগ গ্রহণ করেছে।

মূলত ৯ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে টিকার আওতায় এনে শতভাগ কভারেজ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নির্দিষ্ট কেন্দ্রে এই টিকা পাওয়া যাবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

তবে সঠিক সময়ে টিকা প্রদান করলে এই রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে, কোনো ধরনের গুজবে কান না দিয়ে নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে যেতে এবং ইতিপূর্বে নিয়মিত টিকাদান বাদ পড়ে থাকলে এই সুযোগে তা পূর্ণ করতে।

কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সারাদেশে এলাকাভিত্তিক মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা তৈরির কাজ শুরু হয়েছে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেরও এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জনি/না./স.