সোনারগাঁওয়ে ফেন্সিডিলসহ আটক ২, রূপগঞ্জে গুলি ও ম্যাগাজিন উদ্ধার

নারায়ণগঞ্জে র‍্যাবের পৃথক অভিযান

12
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক ও গুলি
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক ও গুলি

নারায়ণগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) পৃথক দুটি অভিযান চালিয়েছে। সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অন্যদিকে, রূপগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোরে এসব অভিযান চালানো হয় বলে র‍্যাব-১১-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইল এলাকায় অভিযান চালায় র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল।

অভিযানে ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভন্ডবাসা গ্রামের মৃত ওয়াদুদ মোল্লার ছেলে সুজন মোল্লা (২১) এবং সোনারগাঁওয়ের বাসটেকি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে জাবেদ (৩৫)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অভিনব কৌশলে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

অপরদিকে, শনিবার দিবাগত রাত ২টার দিকে রূপগঞ্জ থানাধীন মাসুমপুর এলাকায় পৃথক অভিযান চালায় র‍্যাব-১১।

এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে, রূপগঞ্জ থেকে উদ্ধার হওয়া গুলি ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক ও সন্ত্রাস নির্মূলে র‍্যাবের এই ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।