নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: আলোচনায় আইভী জাকির খান

নাসিক নির্বাচন নিয়ে সরগরম নারায়ণগঞ্জ!

43
নাসিক নির্বাচনে সম্ভাব্য প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও জাকির খান
নাসিক নির্বাচনে সম্ভাব্য প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও জাকির খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর আসন্ন নির্বাচনে মেয়র পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো চূড়ান্ত নয়। তবে ইতোমধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ড. সেলিনা হায়াৎ আইভী এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।এছাড়া নাসিকের বর্তমান প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী মাসুদুজ্জামান, আড়াইহাজারের বিএনপির সসংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ভাই রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মহানগরের আমীর আব্দুল জাব্বারসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

তবে শহরজুড়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আইভী ও জাকির খানকে ঘিরে।

জানা গেছে, তারা দুজনই নগরীর দেওভোগ এলাকার বাসিন্দা।

যদিও এখনো কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি, তবে তাদেরসমর্থকরা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আশাবাদী।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা বেশ সরব।

তবে বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে তাদের প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আইভী প্রায় এক বছর ধরে কারাবন্দি। ২০২৫ সালের মে মাসে তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

তার আইনজীবীর দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডসহ কয়েকটি মামলায় তাকে জড়ানো হয়েছে।

এদিকে, কিছু মামলায় আইভী জামিন পেলেও বাকিগুলোতে এখনো জামিন পাননি।

আইভীর ঘনিষ্ঠজনরা জানান, নির্বাচনের আগে তিনি মুক্তি পান কিনা সেটা দেখার বিষয়। পরে সবকিছু ঠিক থাকে তাহলে তিনি নির্বাচনে অবশ্যই দাঁড়াবেন।

অন্যদিকে, জাকির খানের নির্বাচন প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতারা বলেন, দলের মনোনয়ন ছাড়া কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

জাকির খান যোগ্য বিবেচিত হলে দল তাকে মনোনয়ন দিতে পারে, নতুবা অন্য কাউকে প্রার্থী করা হবে।