সিদ্ধিরগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

10
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার একটি আভিযানিক দল মিজমিজি তেরামার্কেট এলাকায় অভিযান চালায়। ইসলাম হাজী সাহেবের বিল্ডিংয়ের পাশের পাকা রাস্তা থেকে মো. হাসান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি মিজমিজি তেরামার্কেট এলাকার বাসিন্দা।

একই দিন সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইনকামিং লেনের বটতলার নিচে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হালিমা আখতার (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার নতুন ফল্লানপাড়া নাইট্যং এলাকায়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।