সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে প্রাণ গেল ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার, এলাকায় শোকের ছায়া

82
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মর্মান্তিক মৃত্যু
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে মো. রাশেদুজ্জামান (২২) নামের এক যুবক এবং তার শ্যালক মো. গালিব (১৮) ও শ্যালিকা সুরাইয়া (১২) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নাভানা ভূঁইয়া সিটি সংলগ্ন ডিএনডি লেকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা লেকে তল্লাশি চালিয়ে ৩ জনেরই মৃতদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মনাগ গ্রামের দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান, নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের আকরামের ছেলে মো. গালিব ও মেয়ে সুরাইয়া। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার অ্যাডভোকেট জালালের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ৩ জনই সাঁতার জানতেন। দুপুরে তারা লেকে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে তারা লেকের ঘাটের নিচ দিয়ে ডুব ও সাঁতার কেটে একপাশ থেকে অন্যপাশে যান। কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় পানিতে ডুব দেওয়ার পর দীর্ঘ আধ ঘণ্টা পার হলেও তারা আর পানির ওপরে ভেসে ওঠেননি।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং বিকেল ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে প্রথমে ভগ্নিপতি রাশেদুজ্জামান ও তার শ্যালক গালিবের মৃতদেহ উদ্ধার করা হয়। এর ঠিক এক ঘণ্টা পর বিকেল ৬টার দিকে উদ্ধার করা হয় শ্যালিকা সুরাইয়ার লাশ।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, লেকের পানিতে ৩ জন তলিয়ে যাওয়ার খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পানিতে তলিয়ে যাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শ্যালক ও শ্যালিকাকে নিয়ে ভগ্নিপতি রাশেদুজ্জামান লেকে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় ৩ জনেরই লাশ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।