
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের নির্বাচনে বড় ধরনের বিপর্যয় ঘটেছে সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুরের। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পাশাপাশি তিনি তার নির্বাচনী জামানতও হারিয়েছেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ৮২ হাজার ৯৮৭ ভোট।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক নিয়ে লড়াই করে পেয়েছেন মাত্র ১৮,৯৩৩ ভোট।
নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীকে তার জামানত রক্ষা করতে হলে মোট কাস্টিং ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১২.৫%) ভোট পেতে হয়। আড়াইহাজারে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৩৮টি। সেই হিসেবে জামানত টেকাতে হলে একজন প্রার্থীকে প্রায় ২৯ হাজার ভোট পেতে হতো। কিন্তু আতাউর রহমান আঙ্গুর ১৯ হাজার ভোটও পাননি, যার ফলে আইন অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এক সময়ের প্রভাবশালী সংসদ সদস্য হয়েও এমন শোচনীয় পরাজয় এবং জামানত হারানোর বিষয়টি এখন আড়াইহাজারের মানুষের মুখে মুখে। সাধারণ ভোটারদের মতে, বড় দলগুলোর প্রার্থীর জনপ্রিয়তার কাছে সাবেক এই এমপি কোনো পাত্তাই পাননি।







