
নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের নির্দেশে শহরজুড়ে ঝোলানো তাঁর নিজের অভিনন্দন সম্বলিত ব্যানার ও ফেস্টুন সরানোর কাজ শুরু হয়েছে। আজ রোববার দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, বন্দর ও সদর এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
সরেজমিনে দেখা যায়, এমপির ছেলে আবুল কাউসার আশার সরাসরি তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কর্মীরা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে রাজনৈতিক প্রচারণামূলক সামগ্রী অপসারণ করছেন। চাষাড়া চত্বর, বঙ্গবন্ধু সড়ক, বিজয় স্তম্ভ ও শহীদ মিনার সংলগ্ন এলাকাগুলো থেকে দ্রুততার সাথে সব ধরণের ব্যানার ও বিলবোর্ড সরিয়ে ফেলা হয়।
সাধারণত নির্বাচনের পর শহরজুড়ে বিপুল পরিমাণ প্রচার সামগ্রী ঝুলে থাকতে দেখা যায়, যা শহরের সৌন্দর্য নষ্ট করে। এই চিত্র বদলাতেই ব্যক্তিগত উদ্যোগে এমন পদক্ষেপ নিয়েছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। নারায়ণগঞ্জ সদর ও বন্দর—উভয় এলাকাতেই একযোগে এই অভিযান চালানো হয়েছে।
তদারকি চলাকালীন আবুল কাসার আশা বলেন, “বাবার (এডভোকেট আবুল কালাম) কড়া নির্দেশ, শহরের কোথাও যেন কোনো ব্যানার বা ফেস্টুন অবশিষ্ট না থাকে। আমরা চাই নারায়ণগঞ্জ হোক একটি আধুনিক ও পরিষ্কার শহর। জনস্বার্থ ও শহরের সৌন্দর্য রক্ষাকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি।”
ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে নিজের ব্যানার সরানোর এই কাজ স্থানীয় মানুষের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। পথচারী ও ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের পর ব্যানার সরাতে খোদ এমপির পরিবারের এমন সক্রিয় অংশগ্রহণ নারায়ণগঞ্জের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। এর ফলে জনপ্রতিনিধির প্রতি সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







