
নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে “নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি” স্লোগান দেওয়ার ঘটনায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সায়মন মির্জাকে আটক করা হয়েছে। বুধবার রাতে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সায়মন মির্জা তার ৪-৫ জন সহযোগী নিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে দলীয় স্লোগান দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেলের দিকে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের অনুসারীরা ওই এলাকায় গিয়ে ব্যানারটি ছিঁড়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সায়মন মির্জা পুনরায় একই এলাকায় এলে বিল্লাল নামে এক যুবকের নেতৃত্বে একদল লোক তাকে আটক করেন। এসময় তাকে মারধর করা হয়। বিল্লাল নামে ওই যুবক সায়মনকে মারধরের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, জাকির খানের নির্দেশে তাকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে সায়মন মির্জাকে বিএনপির কোনো পক্ষ থেকে আটক করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সায়মনকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।







