
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এর পার্শ্ববর্তী এলাকা নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে অবশেষে আত্মপ্রকাশ করলো ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬’ নামে সরকারি গেজেট প্রকাশিত হওয়ার মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিল।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর প্রচেষ্টা ও নির্দেশনায় এই কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়াটি দ্রুততর হয়। জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সিটি কর্পোরেশন থেকে এ বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল। প্রশাসকের তদারকিতে মন্ত্রণালয় অত্যন্ত দ্রুততার সাথে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদিত হয় এবং গত ১৫ ফেব্রুয়ারি তা গেজেট আকারে প্রকাশিত হয়।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মূল লক্ষ্য হলো একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলা। নতুন এই কর্তৃপক্ষ গঠনের ফলে এখন থেকে নারায়ণগঞ্জের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। বিশেষ করে অপরিকল্পিত নগরায়ন রোধ এবং যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সক্ষম অবকাঠামো নির্মাণ নিশ্চিত করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্তৃপক্ষ গঠনের ফলে নারায়ণগঞ্জের আবাসন, যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পায়ন এখন থেকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আসবে। এর ফলে একদিকে যেমন শহরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা পাবে, অন্যদিকে নাগরিকদের জন্য নিশ্চিত হবে একটি পরিবেশবান্ধব ও উন্নত জীবনযাত্রা।
প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর এই সময়োপযোগী উদ্যোগ এবং সরকারের দ্রুত বাস্তবায়নের ফলে নারায়ণগঞ্জের উন্নয়ন যাত্রায় এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন নগরবাসী।







