
নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে ক’জন নেতার নাম আশাবাদের প্রতীক হয়ে উঠেছে, তাদের মধ্যে অন্যতম মাসুকুল ইসলাম রাজীব। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তার ব্যক্তিগত সততা, রাজনৈতিক দৃঢ়তা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে আলাদা করে তুলে ধরেছে বলে মনে করছেন দলের তৃণমূল নেতাকর্মী, সমর্থক এবং সচেতন নাগরিকদের একটি বড় অংশ।
দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা ও চরিত্র ইতোমধ্যেই প্রমাণ করেছেন রাজীব। বিশেষ করে গত ৫ আগস্টের পর নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তন এসেছে, সেখানে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। ওই সময়ের পর এই জেলায় রাজীবের তুলনায় অনেক কম গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক নেতা অস্বাভাবিকভাবে বিপুল অর্থ-বিত্তের মালিক বনে গেছেন—কেউ কেউ কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে নানা ধরনের দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও উঠে এসেছে তাদের বিরুদ্ধে।
কিন্তু এসব বিতর্কের মাঝেও ব্যতিক্রম হিসেবে উঠে আসে মাসুকুল ইসলাম রাজীবের নাম। দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকলেও তার বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্নীতির কোনো নির্ভরযোগ্য অভিযোগ পাওয়া যায়নি। বরং দলীয় কর্মসূচিতে সরাসরি মাঠে থাকা, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তার গ্রহণযোগ্যতা আরও বেড়েছে।
বিএনপির তৃণমূলের একাধিক নেতাকর্মীর ভাষ্য, এই সময়ে এসে রাজীব ভাইয়ের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। যখন অনেকেই সুযোগ পেয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত, তখন তিনি দল ও আন্দোলনের কথা ভেবেছেন। এটাই তাকে আলাদা করেছে।
সাধারণ মানুষের মধ্যেও একই ধরনের ধারণা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “রাজনীতিবিদ মানেই দুর্নীতি এই ধারণা ভাঙতে কিছু মানুষ দরকার। রাজীব সেই ব্যতিক্রমী উদাহরণ হতে পারেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর রাজনৈতিক অঞ্চলে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব বিএনপির জন্য বড় সম্পদ হতে পারে। সেই বিবেচনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোয় মাসুকুল ইসলাম রাজীবের ভূমিকা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সব মিলিয়ে দলীয় শৃঙ্খলা, ব্যক্তিগত সততা ও সময়োপযোগী নেতৃত্বের কারণে মাসুকুল ইসলাম রাজীবকে ঘিরে যে আশাবাদ তৈরি হয়েছে, তা শুধু দলীয় পরিসরেই নয় নারায়ণগঞ্জের সচেতন মহলেও স্পষ্ট। অনেকের বিশ্বাস, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।







