
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সোনারগাঁ থানার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার সবুজ (২৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন বলে দাবি করেছে র্যাব।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।







