
‘জুলাই সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী। শনিবার (১ আগস্ট) বিকেলে চাষাঢ়ার মিশনপাড়া মসজিদ সংলগ্ন সড়ক থেকে শুরু হওয়া মিছিলটি শহরের মণ্ডলপাড়া পুল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, জুলাই দেশের মানুষের জাতীয় আকাঙ্ক্ষার প্রতীক। তিনি বলেন, জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই আন্দোলনের বিভিন্ন দাবি বাস্তবায়ন এবং গণভোটের গণরায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা প্রয়োজন। তিনি রাজনৈতিক বৈষম্য দূর করে সবার অংশগ্রহণে একটি ন্যায়ভিত্তিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা ধরে রাখতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইনসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
গণমিছিলে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। শেষে কর্মসূচি সফল করতে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী।







