
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার একটি আভিযানিক দল কাঁচপুর ব্রিজের ঢালের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন নূরুল ইসলাম ওরফে গোলাপ (৪৫) এবং মো. জাকারিয়া (৪৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজসংলগ্ন লিংক রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক যাচাই-বাছাইয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পূর্বে কোনো মাদক মামলার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।







