এনসিপিকে নিয়ে চাঁদার অভিযোগ তুললেন বিএনপি নেতা টিপু

12
নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে এনসিপির বিরুদ্ধে বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ করেন মহানগর বিএনপি নেতা টিপু।

এনসিপি বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই সঙ্গে তিনি দলটির নেতাদের রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডেরও সমালোচনা করেন।

 

শনিবার (১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে এনসিপির কয়েকজন নেতার মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

টিপু বলেন, “এনসিপি গঠন করে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, অথচ বাইরে নীতির কথা বলা হচ্ছে। এসব নাটক বন্ধ করুন। দেশের মানুষ সবকিছু দেখছে। সময় এলে জনগণই এর জবাব দেবে।”

 

তিনি আরও বলেন, তারেক রহমান ও তাঁর পরিবার সম্পর্কে মন্তব্য করার আগে রাজনৈতিক ইতিহাস জানা প্রয়োজন। তার দাবি, দীর্ঘ সময়ের রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন এবং তাঁকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া ঠিক নয়।

 

জুলাই গণআন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ওই আন্দোলন কোনো একটি দলের একক কর্মসূচি ছিল না। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি, ২০ দলীয় জোট এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছিলেন। আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে তারেক রহমানের নির্দেশনা নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকতে ভূমিকা রেখেছিল বলেও তিনি দাবি করেন।

 

এর আগে বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য আওলাদ হোসেন, অ্যাডভোকেট রফিক, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।